ঢাকা: সম্প্রতি শিক্ষার্থীদের অস্বাভাবিক মৃত্যুর খবর অনেক এসেছে।

রাজধানীর হাজারীবাগের একটি বাড়িতে বৃহস্পতিবার, ২ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম সাইদুল আমিন সীমান্ত (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাজারীবাগ থানার এসআই জাহিদ হাসান ঘটনা সম্পর্কে বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে ওই শিক্ষার্থী মারা যান। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

জানা গেছে, হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মেসে থাকতেন সীমান্ত।

বৃহস্পতিবার রাতে নিজের কক্ষেই ছিলেন তিনি। তবে ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তার রুমমেট সন্দেহবশত বাড়ির মালিক ও পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের খবর দেন।

দরজা ভেঙে ঐ ছাত্রকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ১টা ২৫ মিনিট নাগাদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সীমান্তকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *