কিশোরগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি জামায়াত প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেন।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে তিনি লেখেন, “স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু—স্বাধীন বাংলার অস্তিত্ব।”

আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, “সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।”

উল্লেখযোগ্য যে, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ১৫০টি ভোটকেন্দ্রে ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫৪ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৩২৬ ভোট।

ইটনা উপজেলায় ফজলুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ২৮৯ ভোট এবং রোকন রেজা পেয়েছেন ২০ হাজার ৯৩৯ ভোট।

এদিকে মিঠামইনে ফজলুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৭৫৬ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২২ হাজার ৪৫১ ভোট।

এ বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি আমার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার শেষ বয়সে এলাকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে, তা আমি রক্ষা করতে চেষ্টা করব।’

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বরাবর নিজের মেরুদণ্ড সোজা রেখেছেন। কোনো ভয়, কোনো হুঁশিয়ারি তাঁকে গ্রাস করতে পারেনি।

তাঁকে নিয়ে লিখেছেন লেখক তসলিমা নাসরিন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন:

“রাজাকার ঘাতক গোষ্ঠী যখন মবসন্ত্রাস করে মানুষ হত্যা করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি গুঁড়িয়ে দিচ্ছে, তখন সেই বিভীষিকাময় পরিবেশে রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই মানুষটি।

মুক্তিযুদ্ধের পক্ষে একাই ভাষণ দিয়েছেন, জিহাদিদের হুমকির মুখে পড়েছেন, কিন্তু দমে যাননি।

আমাদের আদর্শবান সাহসী মানুষটি আজ বিপুল ভোটে প্রতিপক্ষ জামাতে ইসলামীকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিজয়ী করেছেন। তাঁকে স্যালুট”।

এর আগেও ফজলুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন তসলিমা।

বলেছিলেন, “ফজলুর রহমানের কথা শুনতেই হয়। বাংলাদেশে তিনিই একমাত্র পলিটিশিয়ান যিনি নির্ভীক, যিনি ভয় না পেয়ে সত্য কথাগুলো জরুরি কথাগুলো বলছেন”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *