ঢাকা: সনাতন ধর্মাবলম্বীরা রঙের আনন্দে মেতেছেন। আকাশ বাতাস জানিয়ে দিচ্ছে বসন্ত এসেছে।

দোল উৎসবে মেতেছে মানুষ। গতকালকেও আবির খেলেছেন সনাতনীরা। প্রথমে ঈশ্বরের চরণে আবির দেয়া হয়, তারপর একে অপরকে রং মাখানোর রীতি।

সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এ উৎসব।বসন্তের আগমন, শীতের অবসান এবং প্রেমের প্রস্ফুটনকে চিহ্নিত করে এ উৎসব।

এই উৎসবের মাধ্যমে রাধা-কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়।

দোল পূর্ণিমা বাঙালির একটি আনন্দমুখর ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়।

এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলার স্মরণে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলায় দোল পূর্ণিমাকে অনেক সময় হোলি নামেও ডাকা হয়।

মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আবির খেলায় মেতে ওঠে হিন্দু ধর্মাবলম্বীরা। এদিন দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদ্যাপিত হয়েছে।

দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।

পুরান ঢাকায় আবির খেলায় মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। সব বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও পথচারীরা সবাই আনন্দিত, গা ভাসান রঙের উৎসবে।

হোলি শুধু রঙের উৎসব না। এটি সামাজিক বন্ধন দৃঢ় করে।

এ বছরও দোল উৎসবের আয়োজন হয় ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে। আজকেও সনাতনীরা হোলি উদযাপন করবেন, বিশেষ করে আজ আবির মাখানো তো বটেই, পাশাপাশি পানি রং বড় বেশি ব্যবহার হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *