ঢাকা: ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আগামিকাল সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব।

এই উৎসবের মাধ্যমে রাধা-কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এদিন একে অপরকে রং মাখিয়ে আনন্দ, শুভেচ্ছা বিনিময় করেন লোকেরা।

সকলের জীবন যেন রঙিন হয়, এই কামনা করেন।

এদিকে, আজ শুরু হতে যাচ্ছে ফকির লালন শাহের, দোল পূর্ণিমা উৎসব ও সাধুদের মিলন মেলা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন স্মরণোৎসব। প্রতিবছর দোলপূর্ণিমা তিথিতে তিন দিনের আয়োজন থাকলেও এবার রমজানের কারণে দিন কমানো হয়েছে।

দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আগামিকাল মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা ও দোল উৎসবসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।

সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সারাদিন ধরে দোল উৎসব, পূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।

এছাড়াও দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ডা. তাপস চন্দ্র পাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *