ময়মনসিংহ: ফের ময়মনসিংহ! নির্বাচনের বাকি মাত্র একদিন। ফের খুন করা হলো হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে।
তাঁর নাম সুসেন চন্দ্র সরকার। তাঁর বয়স ৬২।
ময়মনসিংহের ত্রিশালে এই চাল ব্যবসায়ীকে দোকানের ভেতরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায় হত্যাকারীরা।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।
নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
জানাযাৎ, রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায় হিন্দু বিদ্বেষীরা।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর শাটার খুলে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, “আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
