ঢাকা: ঝড়ের পূর্বাভাস দেয়া হলো। ফাল্গুন শেষে চৈত্রের শুরুতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে।
ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেয়া হয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ, সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
ভারতেও বৃষ্টি হচ্ছে। আসামে টানা সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে।
সোমবার ভারতের দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে।
