ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু (৬৮) মারা গিয়েছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই।
রবিবার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুল হক নুরুর জন্ম ১৯৫৭ সালের ৫ নভেম্বর; কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে।
তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেন।
শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী এই মুক্তিযোদ্ধা নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
মিঠামইন কলেজ গড়ে তোলার পেছনেও তাঁর ভূমিকা আছে। কলেজটি পরে ‘মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ’ নামকরণ হয়।
তিনি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নুরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ।
একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
সংসারে রেখে গেছেন পরিবার-পরিজন-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সঙ্গে সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রণাঙ্গনে সাহসী ভূমিকা পালন করেন। শিক্ষাক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
