ঢাকা: জামাতের শাখা ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ গ্রেপ্তার হয়েছে দুজন। এদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে।
ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আইজিপি এই বিষয়ে বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া চলছে।
খুব শিগগির তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের প্রধান অঙ্গীকার উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের কোনো সদস্য অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করবেন না। একই সঙ্গে জনগণকেও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
