ঢাকা: অনুরাগীদের মন ভেঙে দিলেন গায়ক অরিজিৎ সিং। বাংলাদেশেও তাঁর কম অনুরাগী নেই!
২০২৫ -এর বড়দিনে মুক্তি পেয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে কীর্তন গেয়েছেন অরিজিৎ সিং।
‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ রীতিমতো আলোড়ন ফেলেছে। অনুরাগীরা ভিডিও বানাচ্ছে এই গানে তুমুলভাবে।
তবে এবার যা ঘোষণা করলেন অরিজিৎ সিং তাতে মন ভাঙাই স্বাভাবিক। প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং।
ছবিতে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন তিনি। তবে কেন ছবিতে আর গান গাইবেন না, তার কারণ যদিও খোলসা করেননি অরিজিৎ।
অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি লেখা পোস্ট করা হয়, যাতে লেখা হয়, ‘হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনও নতুন কাজ নেব না আমি। আমি এটা বন্ধ করছি। গোটা যাত্রাপর্ব দারুণ ছিল’।
অরিজিৎ আরও লেখেন, ‘ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার উপর। আমি ভাল সঙ্গীতের অনুরাগী। ভবিষ্যতে আরও আরও শিখব, সামান্য শিল্পী হিসেবে সঙ্গীতসাধনা চালিয়েও যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ’।
কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করে কিছুই বলেননি অরিজিৎ সিং।
তবে অনুরাগীদের প্রশ্নের উত্তরে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। একটি পোস্টে লেখেন, ‘এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়। একাধিক কারণ রয়েছেষ আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’। আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’।
