ঢাকা: ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ, শুক্রবার ২০ মার্চ নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা। বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।’

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’

এর আগে, আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে এম রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেন।

এদিকে, চলতি মাসের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের নবগঠিত তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

উল্লেখযোগ্য যে, এরই মধ্যে বৃহস্পতিবার ভারত জানায়, নিজস্ব চাহিদা, পরিশোধন ক্ষমতা এবং ডিজেলের প্রাপ্যতার ভারসাম্য বজায় রেখেই বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলির জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা করে চলেছে নয়াদিল্লি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *