ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারত শোকপ্রকাশ করেছে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বাংলাদেশে এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন খালেদা জিয়াকে।
এবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে বেগম খালেদা জিয়ার স্মৃতিতে শোকবার্তা পাঠ করা হল সংসদের উভয় কক্ষে।
বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশন ভাষণের পর লোকসভা এবং রাজ্যসভায় ওবিচুয়ারি রেফারেন্সের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় তাঁকে।
বিষয়টি গুরুত্ব পাচ্ছে বিশ্লেষক মহলে।
লোকসভায় স্পিকার ওম বিড়লা খালেদা জিয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে শোকবার্তা পাঠ করেন।
খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এরপর সংসদ সদস্যরা নীরবতা পালন করে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়া মারা যান।
