ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত।
বুধবার তথা ৮ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের ড. এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভিসা সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়।
ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে তার পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।
আলোচনার সময় মন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে।
যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
বৈঠকে ভারত বাংলাদেশ দুই দেশই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে।
এবং পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠক শেষে এস. জয়শঙ্কর তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে তিনি সন্তুষ্ট। তিনি আরও জানান, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
