ঢাকা: নতুন সরকার এসেছে দেশে। ভারত বাংলাদেশের সম্পর্ক ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এবার দীর্ঘ ১৮ মাস বন্ধের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘কলকাতা-ঢাকা-আগরতলা’ আন্তর্জাতিক বাস সার্ভিস ফের চালু হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
জানা গেছে, মঙ্গলবার সকালে কলকাতা থেকে ছেড়ে আসা রয়্যাল-মৈত্রী আন্তর্জাতিক বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে ঢাকার ওপর দিয়ে আগরতলার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছানোর পর সেখানে আনন্দের পরিবেশ দেখা দেয়।
একইভাবে আগরতলা থেকেও একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
ভারতের ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আখাউড়া চেকপোস্টে উপস্থিত হয়ে বাসটিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।
ত্রিপুরার পরিবহন মন্ত্রী ফেসবুক বার্তায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বন্ধুত্ব ও সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন হলো এই বাস সার্ভিস। এটি কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং শান্তি ও স্থিতিশীলতার প্রতীক।”
ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ইন-চার্জ চেয়ারম্যান সমর রায় জানান, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ ১৮ মাস আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ ছিল।
তিনি বলেন, “আজ প্রায় ২০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ঢাকা হয়ে একটি বাস আগরতলায় এসে পৌঁছেছে। অন্যদিকে, অল্প কিছু যাত্রী নিয়ে অপর একটি বাস ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের বিশ্বাস, ভিসার প্রক্রিয়া স্বাভাবিক হয়ে এলে যাত্রীদের সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে।”
