ঢাকা: ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিএনপি চেয়ারম্যান তারেক মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতেরই প্রধানমন্ত্রী তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণে আসতে পারেননি শপথ অনুষ্ঠানে।

সৌজন্য সাক্ষাতের সময় ওম বিড়লা প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ পত্র তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে সুবিধাজনক ও দ্রুততম সময়ে ভারত সফরে আসতে আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

ওম বিড়লা এবং বিক্রম মিস্রি, দুজনেই তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাতের ছবি এক্সে পোস্ট করে লোকসভার স্পিকার লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

ওম বিড়লা আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

বিএনপির সাথে ভারতের সম্পর্ক রিসেট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ভারত কাজে আগ্রহী।

এর আগে বাংলায় দেয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি নেতা তারেক রহমানকে ‘নির্ণায়ক বিজয়ী’র জন্য অভিনন্দন জানিয়েছেন।

একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক’ প্রতিবেশীর পাশে থাকার অঙ্গীকার করে মোদি বলেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *