ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের অত্যন্ত খারাপ সময়। আসিফ নজরুলরা ক্রিকেট ভবিষ্যতের বারোটা বাজিয়ে ছেড়েছেন।
পাকিস্তানের পাল্লায় পড়ে আজ দেশের এই অবস্থা।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং সেই ইস্যুতে পাকিস্তানের প্রকাশ্য সমর্থন নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং।
পাকিস্তান এবং বাংলাদেশকেও তুলোধুনো করেছেন তিনি।
হরভজন PTI-কে বলেন, ‘পাকিস্তান ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এবং ২ বনাম ১-এর খেলা খেলতে চেয়েছে— অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশ বনাম ভারত।’
আরও বলেন, ‘ওরা তো আগেই শ্রীলঙ্কায় খেলছে, এটা ওদের বিষয়ই ছিল না। যেখানে দরকার নেই, সেখানে হস্তক্ষেপ কেন? শেষ পর্যন্ত ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল আর তাদের খেলোয়াড়দেরই। বিশ্বকাপে খেলতে না পারাটা যে কোনও খেলোয়াড়ের জন্য বিশাল ধাক্কা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও দোষারোপ করেছেন হরভজন সিং। তাঁর মতে, সমস্যার সমাধান খোঁজার বদলে বোর্ড অহঙ্কারকে প্রাধান্য দিয়েছে।
‘আইসিসির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা উচিত ছিল বিসিবির। ভারতে আসতে না বলার আগে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া দরকার ছিল।’
ক্রিকেটীয় ব্যাপারে হরভজনের মত, ভারতীয় কন্ডিশনে বাংলাদেশ ভালোই করতে পারত, বিশেষ করে দলে মানসম্মত স্পিনার থাকার কারণে। তার ভাষায়, ‘বিশ্বকাপ যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হতো, তাহলে তাদের কোনো সুযোগই থাকত না। কিন্তু ভারতে হলে তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারত এবং সুপার এইটে কয়েকটি অঘটনও ঘটাতে পারত। তাই এই পরিস্থিতিতে ক্ষতিটা কারও নয়, একমাত্র বাংলাদেশেরই।’
