ঢাকা: ভারত বাংলাদেশের তেল সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুব শীঘ্রই। তাই কি এবার পয়লা বৈশাখেই ভারতে যেতে পারে বাংলাদেশি ইলিশ? সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
তবে ইলিশ পাঠানো নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ঢাকায় বাংলাদেশের মৎস্য এবং প্রাণীসম্পদমন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ একটি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন।

সেখানে তিনি বলেন, “সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না।তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ করছে। উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।”
উল্লেখযোগ্য যে, সোমবার সকালে সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবীর।
তিনি বলেন, “ভারত থেকে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া, দুই দেশের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করাই আমাদের লক্ষ্য। দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে কিছুর সমাধানই সম্ভব’।
