ঢাকা: দীর্ঘ দেড় বছর পর দেশের জনগণ পাচ্ছে নির্বাচিত সরকার। দুই- তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি।
আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই হলো জাতীয় নির্বাচন।
এর মধ্যেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান-এর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম WION।
ডব্লিউআইওএনের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, এই আমন্ত্রণ উদ্যোগকে তা প্রশমনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আমন্ত্রণে সাড়া দিলে ঢাকায় দেখা যেতে পারে নরেন্দ্র মোদীকে। তবে সূত্রের দাবি, শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, প্রতিবেশী সব দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টদের কাছেই আমন্ত্রণ পাঠাতে পারে বিএনপি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় মোদী জানান, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখযোগ্য যে, শপথ অনুষ্ঠানে সম্ভাব্য এই আমন্ত্রণ শুধুমাত্র আনুষ্ঠানিকতাই নয়; বরং বাংলাদেশ-ভারত সু- সম্পর্কের একটি কূটনৈতিক বার্তা।
