চট্টগ্রাম: চট্টগ্রামে মর্মান্তিক ঘটনা। ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটে।

মৃত্যুর ঘটনা এবং চিকিৎসার দেরিতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের সামনের কাচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। দুই শ্রমিক আহতও হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চীনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল।

খননকাজ চলার সময় হঠাৎ করেই একটি গর্ত ধসে পড়ে। এতে সেখানে কাজ করা চার শ্রমিক মাটিচাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শ্রমিকদের উদ্ধার করে।

পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসা পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় নিহতরা হলেন রাকিব ও তুষার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *