ঢাকা: ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ডায়রিয়া ও হামের মতো সংক্রামক রোগে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি কমায়।
তাই ভিটামিন এ ক্যাপসুলের দরকার আছে।
দীর্ঘ ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জুন।
ক্যাম্পেইনে ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জন শিশুর মধ্যে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই হিসেবে লক্ষ্যমাত্রার ৯৮.৬৭ শতাংশ অর্জিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএনএইচ) পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী বলেন, প্রথমে দেশব্যাপী ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
তবে বিভাগীয় সিভিল সার্জনদের পাঠানো হালনাগাদ তথ্যের ভিত্তিতে সেই সংখ্যা দাঁড়ায় ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জনে।
এ লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ অর্জিত হয়েছে।
ডা. ইউনূস আলী বলেন, ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডের দুর্গম এলাকায় ক্যাম্পেইন-পরবর্তী চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
