ঢাকা: আরো একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেলো সৌদি আরবে।
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় করুণ দুর্ঘটনা ঘটে।
দেশে ফেরা আর হলো না এই মানুষগুলোর। দেশে ফেরার জন্য আশা নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলো প্রবাসীদের বহনকারী গাড়িটি। পথে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম এবং খালিদ আহমদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আরো দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরেই সৌদি আরবে থাকছেন। সম্প্রতি তারা দেশে ফিরছিলেন।
দেশে ফেরার ফ্লাইট ধরতে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু বিমানবন্দরেও পৌঁছাতে পারলেন না। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ।
এর আগে চলতি বছরের জুন মাসেই কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী বাংলাদেশি মারা যান।
