ঢাকা: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আজ, বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট এবং খুলনা বিভাগে একজন করে মোট ৩ জন মারা গিয়েছেন।
এর পাশাপাশি হিসেব বলছে, এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এবং গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪১ হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।
