ঢাকা: হামে এখনো শিশুরা মারা যাচ্ছে। টিকাকরণ না করার ফল ভুগছে আজকে দেশবাসী।

দেশে একদিনে হাম আক্রান্ত হয়ে দুই শিশু মারা গিয়েছে। এবং হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও পাঁচজন।

আজ, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে এই মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। এদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন ঢাকায় ও ৫ জন বরিশালের হাসপাতালগুলোতে মারা গেছেন।

১৫ মার্চ থেকে এ অবধি হামের লক্ষণ নিয়ে সারাদেশে ১৫৬ জন মারা গেছেন।

এদিকে, হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেছেন।

আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তাঁকে ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে।

সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুমৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *