জয়পুরহাট: পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ, ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এই তথ্য জানায়।
এর আগে অবশ্য বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার তথা ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানকারী দল ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
রাত তখন প্রায় ৯টা ১৫ মিনিট। নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বৃহৎ একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তির খণ্ডিত অংশটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে ওজন করে ৮৫ কেজি পাওয়া যায়। উদ্ধারকৃত মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
এদিকে, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রতিবেদন এবং সনদ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
