ঢাকা: গুরুতর অসুস্থ অভিনেতা-নাট্যকার আতাউর রহমান। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
গত শুক্রবার (৮ মে) বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকার জন্য পরে তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান সংবাদমাধ্যমে বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’
প্রসঙ্গত, ভীষণ মেধাবী একজন মানুষ আতাউর রহমান।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী।
তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত আতাউর।
দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আতাউর রহমান পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
