ঢাকা: ১৬ অক্টোবর থেকেই শুরু শারদীয় দুর্গাপূজা। বর্তমানে চলছে নবরাত্রি। সনাতনীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।
পুজো উপলক্ষ্যে আগামি ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষ্যে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামি ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাজুস। এই বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
