চট্টগ্রাম: ইতিমধ্যে বান্দরবান, খাগড়াছড়ি, বাঁশখালী, চট্রগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা বন্যা প্লাবিত হয়ে মানুষ আটকে আছে,
অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জীবন চলে যাচ্ছে পাহাড় ধসে।
পরিস্থিতি দিনে দিনে আরো ভয়াবহ হয়ে উঠছে।
ভারী বৃষ্টি এবং জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি থাকার কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আরো বাড়িয়েছে জেলা প্রশাসন।
পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে আগামি ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
শুক্রবার, ১০ জুলাই সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় আগামী ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পর্যটন সেলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, এর আগে জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সমস্ত পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।
এবার তৃতীয়বার ঘোষণা এলো। কারণ পরিস্থিতি ঠিক হবে তো দূরের কথা উল্টো খারাপ হচ্ছে আরো।
