খুলনা: সড়ক উন্নয়ন নাকি করা হবে!? তার জন্য কেটে ফেলা হয়েছে ২০০-র অধিক গাছ! ভাবা যায়? ঘটনা খুলনার।

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে সড়ক উন্নয়নের অজুহাতে টেন্ডার ছাড়াই দুই শতাধিক গাছ কাটা হয়েছে। এমনটাই অভিযোগ উঠেছে।

ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন এমন পরিবেশবিরোধী কাজের।

গাছ কাটাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই গাছগুলো কাটা হয়েছে এবং এর একটি অংশ গোপনে বিক্রিও করা হচ্ছে। টাকার খেলা রয়েছে এখানে।

জানা যায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রায় দুই কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই কাজের অংশ হিসেবে সড়কের দুই পাশের শিরীষ, চম্বলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার পাশের গাছ কাটার আগে প্রশাসনিক অনুমোদন ও উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করার কথা থাকলেও এখানে কিচ্ছু মানা হয়নি।

এত এত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে।

এই গাছ কাটা নিয়ে কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডল বলেন, রাস্তা উন্নয়নের স্বার্থে উপজেলা প্রকৌশলীর পরামর্শ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। বর্তমানে গাছগুলো ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

তবে উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের এই বক্তব্য অস্বীকার করেন।

তিনি বলেন, “গাছ কাটার পর বিষয়টি তাদের নজরে এসেছে। গাছ কাটার আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।”

এত এত অনিয়ম, দুর্নীতির কোনো তদন্ত নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *