ঢাকা: বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রবিবার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল আর নরওয়ে।
এদিকে, ম্যাচের আগে অপ্টার সুপার কম্পিউটার পঁচিশ হাজার সিমুলেশন চালিয়েছে। জানিয়েছে এই ম্যাচে জেতার সম্ভাবনা কাদের বেশি।
জানার জন্য নিশ্চয়ই উৎসাহী হয়ে উঠেছেন?
অপ্টার সিমুলেশন জানাচ্ছে নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। এবং নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের হলো ৬৫.৬ শতাংশ। আর নরওয়ের সম্ভাবনা হলো ৩৪.৫ শতাংশ। জয়ী হলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
আর ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অন্যতম বড় ভরসা হতে চলেছেন নেইমার।
শেষ ষোলোয় নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড এখন সম্পূর্ণ ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট মাঠে থাকার মতো শারীরিক সক্ষমতা তাঁর রয়েছে।
ক্যাফ ইনজুরি কাটিয়ে ফেরার পর এখনও পর্যন্ত বিশ্বকাপে খুব কম সময়ই মাঠে দেখা গিয়েছে নেইমারকে।
আনচেলত্তির মতে, অভিজ্ঞ এই ফুটবলার বড় ম্যাচে দলের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
সাংবাদিক বৈঠকে আনচেলত্তি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নেইমার এখন খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি কতক্ষণ খেলবেন, সেটা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। নিজের খেলা এবং ম্যাচের গতি কীভাবে সামলাতে হয়, সেই অভিজ্ঞতা ওর রয়েছে। যখন মনে হবে দলের ওকে দরকার, তখনই মাঠে নামানো হবে।”
