চট্টগ্রাম: চট্টগ্রামের বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন।

২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয় করেন।

এবং একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)।

এটি ছিল কৃত্রিম অক্সিজেন ছাড়া কোনো বাংলাদেশির প্রথম আট হাজারি শিখর জয়। সাফল্য ধরে রেখেছেন তিনি।

বাবর আলীর আরও একটি বিজয়গাথা রচিত হলো।

প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়া স্পর্শ করে এক অনন্য ইতিহাস গড়ে ফেললেন পর্বতারোহী বাবর আলী।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই পর্বতের চূড়ায় আরোহণ করেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন এই দুঃসাহসী বাংলাদেশি।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।

নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে সংবাদমাধ্যমকে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান। চূড়ায় ওঠার সময় বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।

ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে বলা হয়েছে, প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ এ বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া।

এরই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান।

পৃথিবীর চৌদ্দটি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

তবে কাজ এখনো মাত্র অর্ধেক সমাপ্ত জানিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স বলেছে, বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। তাই চলুক প্রার্থনা…।

বাবর আলী পেশায় একজন চিকিৎসক। ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড় জয় শুরু করা বাবর আলী পেশায় চিকিৎসক হলেও পর্বতারোহণের নেশা তাঁর। সেখানেই নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। ত্যাগ ছাড়া সাফল্য আসে না, প্রমাণ করলেন তিনি।

২০১৭ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার পর তিনি একে একে জয় করেছেন হিমালয়ের বেশ কিছু দুর্গম চূড়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *