বগুড়া: দেশবাসী আরো একটি নতুন উপজেলা পেতে চলেছে।
বগুড়ায় নতুন উপজেলা হচ্ছে মোকামতলা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর জেলার ১৩তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এরমধ্যেই প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় তা অনুমোদন হয়েছে।
আশা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
সোমবার বগুড়া সফরে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
যদিও সংশ্লিষ্ট গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারি আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় এটি এখনো কার্যকরভাবে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করেনি।
সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর মোকামতলা উপজেলাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, এমনটাই জানা গিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি করপোরেশন ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আট প্রস্তাব অনুমোদনের জন্য ১২ এপ্রিল রবিবার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেয়া হয়েছে।
আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। এবং লোকসংখ্যা দাঁড়াতে পারে দেড় লাখের মতো।
