দিনাজপুর: উৎপাদনে ফিরেছিলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু আবারো দুঃসংবাদ!
কিন্তু উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মাথায় ফের বন্ধ হয়ে গেলো দিনাজপুরের পার্বতীপুরের এই তাপবিদ্যুৎ কেন্দ্র।
আজ, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব হঠাৎ করেই বিস্ফোরিত হয়।
এই ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। যাও কাজ চলছিলো, তাও বন্ধ হয়ে গেলো।
১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে থেমে গেছে। ফলে উত্তরবঙ্গের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে বয়লারের স্টিম ঠান্ডা করার প্রক্রিয়া চলমান রয়েছে। এটি অনেক সময়ের কাজ মূলত। আবার উৎপাদনে ফিরতে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সময় লাগতে পারে।
উল্লেখযোগ্য যে, গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।
প্রথম ইউনিট পুনরায় চালু হওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছিলো মাত্র। লোডশেডিংয়ের আশঙ্কাও অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছিলেন। তবে আবার বিভ্রাট দেখা দিলো।
