চট্টগ্রাম: ঈদের সময় বাড়ি ফেরা, অতিরিক্ত যানবাহনের চাপ এবং বেপরোয়া গতি ও নিয়ম না মানার প্রবণতার কারণে সড়ক দুর্ঘটনা বহুলাংশে বৃদ্ধি পায়।

এই সময়ে মোটর সাইকেলের অনিয়ন্ত্রিত ব্যবহার ও ত্রুটিপূর্ণ যান চলাচলের ফলেও মৃত্যুর হার বেড়ে যায়। এবারো সেই একই দৃশ্য দেখা গেলো।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায়  দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঈগল পরিবহনের প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে ঈগল বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টা নাগাদ কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বাকি আহতদের অবস্থা ভালো নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *