ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মারা গিয়েছেন মো. আকুব্বর শেখ (৩৫) নামে এক ব্যবসায়ী।
বুধবার গভীর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
তবে হয়তো তিনি বাঁচতেন যদি না ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করা হতো!
সাপে কামড় দেওয়ার পর আকুব্বরকে ওঝার কাছে নিয়ে কয়েক ঘণ্টা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট করা হয়। সে সময়টা হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনাম দিলে হয়তো বাঁচতেন!
জানা গেছে, আকুব্বর শেখ রাত ১১টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরো সাপ তাঁকে ছোবল মারে।
তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যান। এটাই হয়েছে মারাত্মক ভুল!
ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করে। কিন্তু কোনো ফল হয় না। তাঁর অবস্থা আরো খারাপ হতে থাকে।
তারপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময়ই রাত ৩টার দিকে মারা যান।
