চট্টগ্রাম: দেশে যত্রতত্র গাঁজার চাষ হচ্ছে। এবার তো রীতিমতো টিনের চালার ওপর গাঁজার চাষ ধরা পড়লো!

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বাড়ির টিনের চালার ওপর গাঁজা চাষ করেছিলেন লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তি। তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

টিনের চালা থেকে দুটি প্লাস্টিকের টবে লাগানো ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা চাষী লোকমানকে আটক করা হয়।

আটক লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে গাঁজাগাছের চাষ করছেন লোকমান হোসেন।

এরপরেই র‍্যাবের অভিযান চলে। জব্দ গাছ ও লোকমানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *