চট্টগ্রাম: মনে আছে শিশু আয়াতের হত্যাকাণ্ডের ঘটনা? ২০২২ সালের নভেম্বরে মুক্তিপণের দাবিতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৫ বছরের শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই।
অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় আয়াতকে। পরে ওই শিশুকে ছয় টুকরো করে ফেলে দেয়া হয়।
উক্ত হত্যা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ, বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, গত শনিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩৩ জন।
