নোয়াখালী: হত্যা, ধর্ষণ, খুন, মবের কমতি নেই দেশে।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এবং একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় খোদ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার বাসিন্দা। তিনি ওই এলাকার লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়ার ছেলে।
ঘটনাটি ২০২২ সালের। মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাঁর অবস্থা মর্মান্তিক ছিলো। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল।
এই ঘটনার দিন রাতেই অদিতার সাবেক গৃহশিক্ষক রনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা, বালিশসহ বিভিন্ন প্রমাণ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
অদিতাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। তবে এতে ব্যর্থ হয়ে এই বিষয়টি গোপন করতে তিনি নৃশংসভাবে তাকে হত্যা করেন।
