ঢাকা: সরকারি ও বেসরকারি দুই জায়গায় সমান হারে মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে।
ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে দেশে।
এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এর আগে গত ৬ অক্টোবর ১০ জন মারা গিয়েছিলো, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৬ হাজার ৯৪ জন রোগী।
