ঢাকা: হামের সঙ্গে সঙ্গে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ।
ডেঙ্গুর বিস্তার কি প্রশাসনের চোখে পড়ছে না, নাকি দেখেও সবাই নীরব?
ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্তের খবর। শিশু থেকে বৃদ্ধ, কেউই যেন রেহাই পাচ্ছেন না। একের পর এক পজিটিভ রিপোর্ট, মৃত্যুর খবর আর মানুষের উদ্বেগ বাড়ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা কোথায়?
মানুষের জীবন এতটাই মূল্যহীন যে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পরই সবাই নড়েচড়ে বসবেন!
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন আছেন।
এই বছর দেশে ডেঙ্গুতে এখনো পর্যন্ত মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
