কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাশিয়াখালী-কতুবপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই অগ্নিকাণ্ডে মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আর আগুন নেভানোর সময় পুড়ে আহত হয়েছেন তাঁর ছেলে আবু বক্কর (২০)।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ঘরে থাকা চারটি গবাদিপশু, নগদ সাড়ে তিন লাখ টাকা, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো পুড়ে গিয়েছে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন ছড়াতে সময় নেয় না।
পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনে বসতঘর, গবাদিপশু, নগদ অর্থসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
