চট্টগ্রাম: আবারো সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুইজনের।
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
আজ, মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)।
বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তাঁরা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল আটটার দিকে নতুন সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল।
প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
