সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ভয়াবহ আগুন লাগে। এতে সাতটি দোকান পুড়ে গেছে।
সোমবার (৩১ আগস্ট) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আপাতত জানা গেছে।
চারটি ফলের দোকান, একটি ফার্মেসি, একটি স্বর্ণের দোকান, একটি মুদি দোকান আগুনে পুড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে নিমগাছী বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
