জামালপুর: ঈদের খুশি এক নিমিষে মাটি হয়ে গেলো। কান্নায় ভেঙে পড়লো পরিবারগুলো।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু ছিঁড়ে গেলো। ঈদে ঘুরতে আসা মানুষের ভারে ছিঁড়ে ও উল্টে গেলে পানিতে ডুবে ভাই-বোনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
ঈদের দিন পরিবারগুলোতে নেমে আসে বিষাদ।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছেই নদীতে এই ঘটনা ঘটে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে পাঁচটি নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু সকলকে স্তব্ধ করে দিয়েছে।
ঈদের আনন্দঘন দিনে এমন শোকাবহ ঘটনা জামালপুর বাসীকে মর্মাহত করেছে।
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয় অবহেলা ও অব্যবস্থাপনার মূল্য কতটা ভয়াবহ হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে এই জায়গায় একটি পাকা স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।
তা নাহলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আরো ঘটবে।
নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রিফাত (১৬) ও মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে চরে যাওয়ার ব্যবস্থা করেছে। চরে নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ।
ঈদের দিন ঘুরতে বের হওয়া মানুষজন সেই বিনোদন কেন্দ্রে যেতে সেতুর উপর ভিড় জমান।
আর এত মানুষের ভারে সেতুটি ছিঁড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে। কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে অজ্ঞান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
