গাইবান্ধা: প্রায় ৫২ বছর ধরে এক টাকায় শিক্ষা বিলাচ্ছেন গাইবান্ধার লুৎফর মাস্টার। কোনো চাওয়া পাওয়া নেই, ভোগ বিলাসিতা নেই। আছে শুধু পড়ানোর ক্ষিধা। বলা যায়, গুরুদক্ষিণা নেন শুধু।
তাঁর বয়স ৭৮ বছর। জীবনের পাঁচ দশক পার করেছেন শিক্ষকতা করে। নিজের উচ্চশিক্ষার স্বপ্ন অর্থাভাবে পূরণ করতে না পারলেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করার স্বপ্ন থেকে কখনো সরে যাননি লুৎফর রহমান।
১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত টানা এতগুলো বছর ধরে মাত্র এক টাকার বিনিময়ে শিশুদের পড়িয়ে আসছেন তিনি। এ কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘এক টাকার মাস্টার’ নামে।
বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত বয়োজ্যেষ্ঠ লুৎফর রহমানের অনন্য অবদানের কথা।
প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষক হিসেবে নিয়োজিত না থাকলেও দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর মাধ্যমে তিনি যে অসামান্য অবদান রেখে চলেছেন, তা শিক্ষকতার মহান আদর্শেরই প্রতিফলন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে লুৎফর রহমানের দীর্ঘদিনের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর জন্য অবসরকালীন ভাতা ও প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ঘোষণা দেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে সম্মাননা দেওয়া হয় এই মহান শিক্ষককেও।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
