ফরিদপুর: শিশুদের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে এই বাংলাদেশে। কী হচ্ছে এইসব দেশে? কি হতে যাচ্ছে আগামীর প্রজন্ম?
কোথাও জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশুকে হত্যা করা হচ্ছে। সারা দেশজুড়ে তো প্রতিদিন শিশুমৃত্যু আছেই হামে, শিশু ধর্ষণ করে হত্যা ঘটনা ঘটছেই। অথচ প্রশাসন, সরকার নীরব। কোনো কথা নেই।
এক একটি নিষ্পাপ প্রাণ এভাবে হারিয়ে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বড় শোক ও সতর্কবার্তা।
এবার ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর আইরিন আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে ওই কলাবাগানে কাজ করতে গিয়ে তারা তীব্র দুর্গন্ধ পান। তাতে কিছু সন্দেহ হয়।
পরে তল্লাশি চালিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে নিখোঁজ শিশুটির আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে চিনতে পারেন এটি আইরিনের মৃতদেহ।
জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল সদর উপজেলার পূর্ব বাখুন্ডা সংলগ্ন আদর্শ গ্রাম এলাকা থেকে আইরিন নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৫ এপ্রিল তার মা তাহমিনা বেগম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
