চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর সামনে এসেছে।
মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝিরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
জানা গিয়েছে, সকালে শাশুড়ির সঙ্গে নাশতা করার পর নয়ন বাড়িতে ছিলেন। পরে তার শাশুড়ি বাড়ির পাশের জমিতে কচু তুলতে যান।
আর এর একটু পরেই প্রতিবেশীরা শিশুটির কান্নার বিষয়টি জানালে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন নয়ন ঝুলছে।
স্থানীয়রাই ঘটনা সম্পর্কে পুলিশকে জানায়।
হঠাৎ কী এমন ঘটলো যে তিনি এভাবে ঝুলে পড়লেন? নাকি তাঁকে হত্যাই করা হয়েছে? এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
