চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে আবারো স্ত্রী হত্যার ঘটনা! অনলাইনে জুয়া খেলা নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা করলো ঐ পাষণ্ড স্বামী ।
সানজু আক্তার নামের নারীকে গলা কেটে খুন করার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকারীর নাম মোহাম্মদ জাবেদ।
বুধবার সকালে নগরের বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শপাড়া এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে।
হত্যাকারী মোহাম্মদ জাবেদ তীব্রভাবে অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী সানজু আক্তারের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এদিন সকালেও এইসব নিয়ে ঝগড়া হয়।
তারপরেই স্ত্রীকে গলা কেটে খুন করে জাবেদ।
বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম প্রথম আলোক বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, খুন করে অভিযুক্ত জাবেদ পালিয়ে যায়। পরে এসআরবির একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
