রাজশাহী: অক্টোবর মাস মানেই সনাতনীদের খাতায় কলমে উৎসবের মরশুম। এই মাসেই হচ্ছে হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ।
সকলেই চেষ্টা করেন মণ্ডপ, প্রতিমা নতুনভাবে সাজাতে। আর দেখতেও অত্যন্ত দৃষ্টিনন্দন হয়। যারা শিল্প বোঝেন, তাঁরা জানেন।
এবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ব্যতিক্রমী উদ্যোগ দর্শনার্থীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ঐতিহ্যবাহী তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরে এই বছর তৈরি করা হয়েছে সম্পূর্ণ আলাদা এক প্রতিমা।
প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকোলেট। গোল্ডেন কয়েন চকলেট দিয়ে বানানো হয়েছে প্রতিমা। ভক্তরা উৎসাহিত হয়ে পড়েছেন প্রতিমা দেখার জন্য।
সোনার রঙের কয়েন চকোলেটের নিখুঁত প্রলেপে তৈরি করা এই প্রতিমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং মণ্ডপজুড়ে উৎসুক মানুষের আগমন ঘটছে।
স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের সার্বিক আয়োজনে এত সুন্দর প্রতিমাটি প্রস্তুত করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতি বছরই পূজায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে তাদের।
এবার চকলেট দিয়ে এই বৈচিত্র্যময় প্রতিমা তৈরির পরিকল্পনা করা হয়। প্রতিমাটি তৈরিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে।
এই চকোলেট প্রতিমার মূল কারিগর নাটোরের। তিনি প্রখ্যাত প্রতিমাশিল্পী নীল কুমার দাস।
তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার এবং সাধারণ সম্পাদক দিজেন হালদার বলেন, “এবারের চকোলেট প্রতিমাটি আমাদের এলাকার পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগ করার জন্য কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
