জামালপুর: জামালপুরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
ঝড়ে জামালপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধাপাকা ধান, ভূট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। শক্তিশালী ঝড়ে উপড়ে গেছে অসংখ্য গাছপালা।

ভোররাতে ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। ভোর রাতের দিকে হঠাৎ বৈশাখী ঝড় শুরু হয়।

কালবৈশাখী ঝড়ে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তারা মারা যান।

রাতের অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি।

সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।নিহতদের পরিবারকে সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *