হবিগঞ্জ: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার চরহামুয়া কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। খুবই খারাপ পরিস্থিতি চারপাশে বন্যায়।
কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
হবিগঞ্জ শহরের দানিয়ালপুর, কামড়াপুর, যশেরআব্দা এলাকা সহ শত শত বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
লস্করপুর ইউপির চরহামুয়া কালিগঞ্জ ও বরকান্দি রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে আশপাশের বিভিন্ন গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি প্রবেশ করছে।
চরম ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধ। স্থানীয় বাসিন্দারা দিন-রাত বাঁধ রক্ষায় কাজ করছেন। তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোয়াই নদীর চুনারুঘাট বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ১৯২ সে.মি., শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১১৩ সে.মি. এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
