ঢাকা: চলে গেলেন মুক্তিযুদ্ধের সারথী কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই! তিনি ইতিহাস! মুক্তিযুদ্ধের সেই ইতিহাস চলে গেলেন আমাদের হৃদয় খালি করে।
মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে প্রবাদতুল্য ফটো সাংবাদিক ছিলেন তিনি। যুদ্ধের পুরোভাগে তিনি ছুটেছেন বাংলার প্রতিটি প্রান্তে।
শরণার্থী শিবিরগুলোতে ছুটতে ছুটতে তিনি নিজেই হয়ে উঠলেন জীবন্ত দলিল। তাঁর লেন্স মুক্তিযুদ্ধের সাক্ষাৎ প্রতিচ্ছবি।

এই রঘু রাই সারা বিশ্বকে দেখিয়েছেন একটি দেশের জন্ম ইতিহাস কতখানি আত্মত্যাগের, কতখানি কষ্টের।
বিখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে শরণার্থী শিবির, সীমান্ত এলাকা ও যুদ্ধের বিভীষিকাময় দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রঘু রাই এর তোলা স্থিরচিত্র..!


‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার হয়ে কাজ করা এই আলোকচিত্রী শরণার্থীদের দুর্দশা ও মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প ফুটিয়ে তুলেছেন।
তাঁর তোলা দুর্লভ ছবি নিয়ে ‘রাইজ অব আ ন্যাশন’ (রাইজ অব আ ন্যাশন) শীর্ষক বই ও প্রদর্শনী প্রকাশিত হয়েছে, যার জন্য তিনি ১৯৭২ সালে ‘পদ্মশ্রী’ পান।
কিংবদন্তী আলোকচিত্রী রঘু রাই নেই এটা ভাবা খুব শক্ত। রবিবার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন। মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের হাত ধরে ক্যামেরার সঙ্গে তাঁর পরিচয় ঘটে।
জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে ৪টের দিকে দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। দু’বছর আগে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। সেরেও উঠেছিলেন।
কয়েক মাস আগে তাঁর মস্তিষ্কেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।
শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও বহুবার সমাদৃত হয়েছে রঘু রাইয়ের তোলা ছবি।
তাঁর ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, সত্যজিৎ রায়, দলাই লামা, বাংলাদেশের দারিদ্র্যের চিত্র, ভোপালের গ্যাস বিপর্যয়ের নানা মুহূর্ত।
রঘু রাই ১৯৭১ সালের আগস্টে যশোরের শরণার্থী শিবির ও সীমান্তবর্তী এলাকাগুলোতে কাজ করেন।
তিনি শুধুমাত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞের ছবি নয়, বরং হাজার হাজার মানুষের পায়ে হেঁটে ভারতে আশ্রয় নেওয়ার করুণ দৃশ্য এবং তাঁদের নীরব দীর্ঘশ্বাস ক্যামেরায় বন্দী করেছিলেন। যা দেখে আজো আমাদের বুকে দীর্ঘশ্বাস জমা হয়।
২০২৪ সালের মে মাসে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন এবং রঘু রায় ফাউন্ডেশন যৌথভাবে ‘রাইজ অব আ ন্যাশন‘ শিরোনামে তাঁর তোলা মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ছবি নিয়ে বই প্রকাশ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই সিরিজের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
